মোটরসাইকেল চোর কণা আবারও গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার প্রায় তিন মাস পর মোটরসাইকেল চোর দলের অন্যতম সদস্য মো. কণা মিয়াকে (৩৩) আবারও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কসবা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার আদালতের মাধ্যমে কণাকে জেলহাজতে পাঠানো হয়েছে।কণা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হিসেবে আখাউড়া শহরের দেবগ্রামের বশির আহম্মদ খানকেও (৩২) আটক করেছে পুলিশ। তাঁকেও গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, একটি মোটরসাইকেল চুরির মামলায় কণা মিয়াকে মে মাসের শেষের দিকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলটির সন্ধানও পায় পুলিশ। কণা মিয়াকে সঙ্গে নিয়ে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করতে গেলে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।আখাউড়া থানার ওসি মো. বেলায়েত হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া কণা মিয়া ও বশিরকে মোটরসাইকেল চুরির মামলায় আসামি করা হয়েছে।