মোটরসাইকেল ছিনতাই করতেই রাজধানীর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের ছাত্র মিল্টন বড়ুয়াকে (১৭) ছুরিকাঘাত করা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. রুবেল গতকাল বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন।গত রোববার রাতে বেইলি রোডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় মিল্টন বড়ুয়া (১৭)। হামলাকারীরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু টহলরত পুলিশ মো. রুবেলকে গ্রেপ্তার করলে মো. আবছার নামে অন্যজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার রাতে তাকে রামপুরা থেকে গ্রেপ্তার করা হয়।মিল্টন বড়ুয়ার বাসা মালিবাগের বাগানবাড়ী, আর গ্রেপ্তার হওয়া রুবেলের বাসা গুলবাগে। এ কারণে ঘটনার পেছনে নিছক ছিনতাইয়ের উদ্দেশ্য, নাকি কোনো পূর্বশত্রুতা কাজ করেছে, এ নিয়ে পুলিশ ও মিল্টনের পরিবারের মধ্যে সংশয় ছিল।রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার এস এম শিবলী নোমান জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটানো হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অন্য কোনো কারণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি জানান, চার দিনের রিমান্ড শেষে রুবেলকে গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য মিল্টনকে ছুরি মারা হয়েছিল। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার মো. আবছারকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।মিল্টন হত্যায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে বাগানবাড়ী এলাকার বাসিন্দারা গতকাল দুপুরে মালিবাগ রেললাইন এলাকায় সড়কের পাশে মানববন্ধন করেছে।