মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় এক ব্যক্তি গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় সেলিম আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলার পাকুল্যা বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাহালী গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওয়াত গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম তাঁর এক বন্ধু ও শ্যালিকাকে নিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিলেন। রাত আটটার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ছয়দানা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল নিয়ে চারজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। তারপর ছিনতাইকারীরা সাইফুলের বন্ধু ইমরানকে কুপিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এসে গুরুতর অবস্থায় ইমরানকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। এদিকে রাত নয়টার দিকে মোটরসাইকেল দুটি নিয়ে ছিনতাইকারীরা মির্জাপুর উপজেলার পাকুল্যা-লাউহাটি সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীদের দুজন পালিয়ে যায়। ছিনতাই করা মোটরসাইকেলটি ফেলে অপর দুজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারী সেলিমের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হয়।