মোটরসাইকেল ছিনতাইকালে দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় যাত্রীবেশে চালক মামুন শেখকে (২৮) অচেতন করে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় শুক্রবার সন্ধ্যায় দুই ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।আটক দুই যুবক হলেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের সজল মিঞা ওরফে সাজন (১৯) এবং বাগেরহাটের মংলা উপজেলার বাঁশতলা গ্রামের আসাদ মুসল্লী (২০)।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, শুক্রবার বিকেলে ওই দুই যুবক মংলা পৌরসভা এলাকা থেকে ভাড়ার মোটরসাইকেল চালক মামুনকে মোরেলগঞ্জে আসা-যাওয়ার জন্য ভাড়া করেন। তাঁরা মোরেলগঞ্জ উপজেলার কেয়ার বাজারের কাছে পৌঁছে খাবার খাওয়ার কথা বলে মোটরসাইকেল দাঁড় করায়। এখানে তাঁরা কৌশলে মোটরসাইকেলের চালক মামুনকে প্যাকেটজাত জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাওয়ায়। ওই জুস খেয়ে মামুন মোটরসাইকেল চালিয়ে মোরেলগঞ্জের গাবতলা গ্রামে পৌঁছে অচেতন হয়ে পড়েন। তখন ওই দুই যুবক তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁদের গতিবিধি দেখে স্থানীয় কিছু মানুষের সন্দেহ হলে গ্রামবাসী দুজনকে আটক করে পিটুনি দেয়। পরে তাঁদের পুলিশে সোপর্দ করে। শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামুনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামুনের বাবা শেখ জালাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন।