মোটরসাইকেল ছিনতাইয়ের নিরাপদ স্থান মল্লিকপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-জাবরহাট সড়কের মল্লিকপুর এলাকার ‘বিরাহালি পুকুর’ মোড় মোটরসাইকেল ছিনতাইয়ের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে এ এলাকায় নির্বিঘ্নে ছিনতাই করছে। এ কারণে সন্ধ্যা হলেই এ সড়কে মোটরসাইকেলচালকরা আতঙ্কের মধ্যে যাতায়াত করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিরাহালি পুকুর এলাকার নিরাপত্তার জন্য চৌকিদার ও আনসার নিয়োগ করা হয়েছে।
মল্লিকপুর, নানুহর, বালুখুড়া, বনুয়াপাড়াসহ কয়েকটি গ্রামের বাসিন্দা ও অন্যান্য সূত্র জানায়, গত রোববার রাত আটটার দিকে পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গ্রামের আবদুল মালেকের ডিসকোভার ব্র্যান্ডের একটি ১০০ সিসি মোটরসাইকেল ছিনতাই হয়েছে। মালেক জানান, তিনি পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিরাহালি পুকুর মোড়ে ছিনতাইকারীরা তাঁকে গাছের সঙ্গে বেঁধে রেখে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে রাস্তার মানুষ টের পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করে।
এর আগে গত বছরের ২ এপ্রিল রাত ১১টার দিকে একই এলাকায় পীরগঞ্জের ভাকুড়া গ্রামের সোলায়মান আলীর বাজাজ ব্র্যান্ডের ১০০ সিসি মোটরসাইকেল ছিনতাই হয়। সোলায়মান আলী জানান, তিনি জাবরহাট থেকে পীরগঞ্জে ফিরছিলেন। ছিনতাইকারীরা তাঁর হাত-পা ও মুখ বেঁধে রাস্তার পাশে গমখেতে ফেলে রাখে। একই দিন রাত নয়টার দিকে একই জায়গায় মল্লিকপুর গ্রামের বাবলুর আরেকটি ১০০ সিসি মোটরসাইকেল ছিনতাই হয়।
এ সময় ছিনতাইকারীরা বাবলু ও তাঁর সহযাত্রী সফিকুলের হাত-পা ও মুখ বেঁধে গমখেতে ফেলে রাখে। এর আগে ওই জায়গায় দিনাজপুরের বালুবাড়ীর সুকুমার রায়, জাবরহাট উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী সফিকুল ইসলামসহ কয়েকজনের মোটরসাইকেল ছিনতাই হয়।
বনুয়াপাড়া গ্রামের আফজাল হোসেন বলেন, ‘সন্ধ্যা হলেই ছিনতাইয়ের ভয়ে আমি বিরাহালি পুকুরের মোড় রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে পীরগঞ্জে যাই।’
পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় বলেন, ‘ছিনতাইকারীদের হাতে অস্ত্র থাকায় চৌকিদারেরা ওই জায়গায় থাকতে সাহস পায় না। আমি বিষয়টি ২ ফেব্রুয়ারি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলে ধরেছি।’