মোটরসাইকেল ছিনিয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রের মুখে মোটরসাইকেল ছিনতাই করে পালাচ্ছিল তিন ছিনতাইকারী। কিছুদূর যাওয়ার পরই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল একজন। আর বেঁচে যাওয়া দুজনের একজন ধরা পড়ল জনতার হাতে। গত সোমবার রাতে ঢাকার ধামরাইয়ের সোমভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লিটন। সে ধামরাইয়ের বান্দিমাড়ার সাত্তার বয়াতির ছেলে। জনতার হাতে ধরা পড়া আসাদুজ্জামানের (২৬) বাড়ি আশুলিয়ার গাজীরচট এলাকায়।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজ সেরে সোমবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ধামরাইয়ের দেপশাই গ্রামের শাজাহান মিয়ার ছেলে মোবারক হোসেন। রাত নয়টার দিকে তিনি ধামরাই-কালামপুর সড়কের ফুকুটিয়া সেতুর কাছে পৌঁছালে লিটন, তাঁর সহযোগী আসাদুজ্জামান ও সোহেল অপর একটি মোটরসাইকেলে করে এসে তাঁর গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে ছিনতাই করে মোবারকের মোটরসাইকেলটি নিয়ে লিটন সোমভাগ বাজারের দিকে পালিয়ে যায়। অপর মোটরসাইকেলে করে পালিয়ে যায় আসাদুজ্জামান ও সোহেল। এ সময় মোবারক মুঠোফোনে বিষয়টি ওই বাজারের ব্যবসায়ীদের জানালে তাঁরা পথে ব্যারিকেড দেন।

বাজারের ব্যবসায়ী মিঠু ও জিল্লুর রহমান জানান, ব্যারিকেড ভেঙে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয় লিটন। আর আসাদুজ্জামান ও সোহেল মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় জনতা আসাদুজ্জামানকে আটক করতে সক্ষম হলেও সোহেল পালিয়ে যায়।

মোবারক জানান, তিনি সোমভাগ বাজারে রড-সিমেন্টের ব্যবসা করেন। ব্যবসায়িক কারণে সোমবার বিকেলে তিনি ধামরাই যান। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালানো অবস্থায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ কারণে তিনি মোটরসাইকেলটি ধীরগতিতে চালাচ্ছিলেন। হঠাৎ করে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ওই তিন ছিনতাইকারী এসে তাঁর পথ রোধ করে এবং গলায় ছুরি ধরে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তিনি গতকাল থানায় মামলা করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, ওই তিন ছিনতাইকারী দীর্ঘদিন ধরেই মোটরসাইকেল ছিনতাইয়ের সঙ্গে                যুক্ত ছিল। তাদের সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।