মোটরসাইকেল জিতলেন আয়েশা আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেলের বলরুমে গতকাল বিকেলে ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপ ক্রিকেট-২০১১ চলাকালীন প্রথম আলো নানা ধরনের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। চার পর্বের ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ ছিল এর মধ্যে অন্যতম। চার পর্বের এই কুইজ প্রতিযোগিতায় ১৫ লাখের বেশি কুপন জমা পড়েছিল। কুপনগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতি পর্বে ১৩ জন করে মোট ৫২ জন সঠিক উত্তরদাতা নির্বাচন করা হয়। আর সব কটি পর্বের সঠিক উত্তরদাতাদের নিয়ে হয় মেগা ড্র। সিলেট হাউজিং সোসাইটির গৃহিণী আয়েশা আখতার মেগা ড্রর প্রথম পুরস্কার ১১০ সিসি মোটরসাইকেল জেতেন। এ ছাড়াও মেগা পর্বে দ্বিতীয় পুরস্কার এলসিডি টেলিভিশন পেয়েছেন মহাখালীর রসুলবাগের মেহতাব। আরও ১০জন বিজয়ীর হাতে মেগা পর্বের তৃতীয় পুরস্কার মোবাইল ফোনসেট তুলে দেওয়া হয়।এ ছাড়া চার পর্বে প্রতি পর্বের বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার ৮ দশমিক ৫ এসএফটি রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন, তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং পরের বিজয়ী ১০ জনের প্রত্যেকে একটি করে মোবাইল ফোনসেট তুলে দেন অতিথিরা। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং জাতীয় ক্রিকেট দলের সদস্য ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাঁরা বলেন, বাংলাদেশের ক্রিকেটপাগল সমর্থকেরাই পারে এ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। আর যেকোনো পুরস্কার যেমন মানুষকে উৎসাহিত করে, তেমনি সাধারণ মানুষের ভালোবাসা ক্রিকেটারদের অনুপ্রাণিত করে। ওয়ালটনের পিআর অ্যান্ড মিডিয়ার পরিচালক মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ওয়ালটনের দেশীয় পণ্য এ দেশের সব মানুষের পণ্য। পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক রশিদুর রহমান ও ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।