মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সৈয়দপুর-রংপুর মহাসড়কে কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম শারমিন আক্তার ওরফে রুমি (২০)। তিনি সৈয়দপুর কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। শারমিন সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ের বাসিন্দা।
শারমিনের সহপাঠীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিনের সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিতুল মিয়ার (২৩) পরিচয় হয়। গতকালই প্রথমবার তাঁদের দেখা হয়। এ উপলক্ষে শারমিন ও মিতুল মোটরসাইকেলে করে বেড়াতে যান। কলাবাগান এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শারমিন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী একজন বলেন, বেপরোয়া গতির কারণে মেয়েটি মহাসড়কের ওপর ছিটকে পড়লে তাঁকে উদ্ধার করা হয়। একটি ইজিবাইকে তুলে সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যার সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারমিন মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহিম বলেন, রক্তক্ষরণের কারণে শারমিন মারা যেতে পারেন।
এদিকে শারমিনের সহপাঠীরা বলেন, দুর্ঘটনার পর মিতুলকে আর দেখা যায়নি।
সৈয়দপুর থানার এসআই মো. শহীদ বলেন, কোনো অভিযোগ না থাকায় মেয়েটির লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।