মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক নাতনিকে দেখতে যাচ্ছিলেন গৃহবধূ শাহনাজ বেগম (৪০)। তাঁর সঙ্গে ছিল নতুন জামা-কাপড় ও মিষ্টি। তবে মেয়ের বাড়িতে তিনি পৌঁছাতে পারেননি। পথে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন তিনি। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
শাহনাজ বেগম রৌমারী উপজেলার বড়াইকান্দি গ্রামের শিক্ষক ফজলুল হকের স্ত্রী। গতকাল শনিবার নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শাহানাজ বেগম নাতনিকে দেখার জন্য ছেলে ও ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলে করে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁর মেয়ের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর গ্রামে। মোটরসাইকেল চালাচ্ছিলেন ভাতিজা মাইদুল ইসলাম। ছোট ছেলে সেলিম মাঝে এবং শাহানাজ বেগম পেছনে বসেছিলেন। রাজীবপুর উপজেলার শেষ সীমান্ত স্লুইস গেট এলাকায় ঝাঁকি লেগে শাহানাজ বেগম মোটরসাইকেল থেকে পড়ে যান। আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাতিজা মাইদুল ইসলাম বলেন, ‘রাস্তা ভাঙাচোরা ছিল। হঠাৎ করে চাচি পড়ে যান। স্থানীয় মানুষের সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তাঁকে বাঁচাতে পারলাম না।’
রাজীবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে শাহনাজ বেগম মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন। হাসপাতালে আসার পথেই তাঁর মৃত্যু হয়েছে।