মোটরসাইকেল থেকে ফেলে স্ত্রীকে হত্যার চেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাথী আক্তার নামের এক গৃহবধূকে তাঁর স্বামী চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যা করার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার মঠবাড়িয়া-গুলিসাখালী সড়কের শিংগা এলাকায় এ ঘটনা ঘটে। সাথীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সাথীর বাবার পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ এপ্রিল উপজেলার ছোট শিংগা গ্রামের বাবুল চৌকিদারের ছেলে রাকিবুল ইসলামের (২৫) সঙ্গে বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের মৃত লিয়াকত আলী হাওলাদারের মেয়ে সাথীর (২০) বিয়ে হয়।সাথীর মা ফরিদা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য রাকিবুল তাঁর মেয়েকে নির্যাতন করতেন। কয়েক মাস আগে তিনি জমি বিক্রি করে রাকিবুলকে মোটরসাইকেল কেনার জন্য এক লাখ ৩০ হাজার টাকা দেন। সম্প্রতি রাকিবুল বিদেশে যাওয়ার জন্য তাঁর মেয়ের কাছে আরও দুই লাখ টাকা দাবি করেন। শনিবার সকালে বান্ধবপাড়া যাওয়ার কথা বলে রাকিবুল তাঁর মেয়েকে মোটরসাইকেলে তুলে নেন। পরে শিংড়া এলাকায় নিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তাঁর মেয়েকে হত্যার চেষ্টা চালান রাকিবুল। তবে রাকিবুল দাবি করেন, মোটরসাইকেলে বসে সাথীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাথী মোটরসাইকেল থেকে পড়ে যায়। মঠবাড়িয়া থানার ওসি এস এম এ যাহিদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।