মোটরসাইকেল দুর্ঘটনা ঠেকাতে ওসির মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে গত শনি ও গতকাল রোববার সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম এ মাইকিং করান। গত দুই মাসে স্কুল-কলেজপড়ুয়া উপজেলার ছয়-সাতজন শিক্ষার্থী বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়। বিষয়টি ১১ মের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশদ আলোচনা হলে ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সন্ধ্যার পর স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী পড়ার টেবিলে না বসে বখাটে বন্ধুদের নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। একপর্যায়ে ওই সব শিক্ষার্থীরা মাদক সেবনসহ অসামাজিক নানা কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ ছাড়া অনেক অসচেতন অভিভাবক অল্প বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় ওই সব কিশোর বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে অপমৃত্যুর শিকার হচ্ছে। সভায় বলা হয়, গত দুই মাসে স্কুল-কলেজপড়ুয়া ছয়-সাতজন শিক্ষার্থী বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম প্রথম আলোকে বলেন, ১৮ বছরের কম বয়সীদের চালকের লাইসেন্স দেওয়া হয় না। চালক লাইসেন্স ছাড়া এবং স্কুল-কলেজপড়ুয়া কোনো শিক্ষার্থী মোটরসাইকেল চালালে, সন্ধ্যার পর পড়ার টেবিলে না বসে রাস্তাঘাট, কোনো অলিগলিতে, হোটেলে আড্ডা দিলে ওই সব শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়টি অভিভাবকের জানাতে মাইকিং করা হয়েছে।