মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারবাড়ি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইমরান (১৮) নামের একজন কলেজছাত্র নিহত হয়েছে।
ইমরান চট্টগ্রাম নগরের দক্ষিণ হালিশহর এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে এবং ইপিজেড বেপজা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির ছাত্র। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় বৃষ্টির পানিতে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটিতে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে আরও দুই সহপাঠী ছিল। তবে তারা সামান্য আহত হয়েছে।
কেরানীহাট আশশেফা হাসপাতালের কর্মচারী মো. মাহবুবুল হক বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত এক কিশোরকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।