মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের পাথারী মসজিদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার ব্যাপারী হাটের মৃত খায়রুল শেখের ছেলে আবদুল মোত্তালেব (৩৫), উত্তর ব্যাপারী হাট গ্রামের শামছুল হক ব্যাপারীর ছেলে সুজন ব্যাপারী (৩০) ও পৌরসভার মাছুরখামার গ্রামের ইব্রাহীম আলীর ছেলে সোহেল রানা (৩২)। তাঁরা তিনজন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে তিন বন্ধু ব্যাপারী হাট থেকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়ক দিয়ে দ্রুতগতিতে রায়গঞ্জে যাচ্ছিলেন। পাথারী মসজিদ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাঁরা তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই আবদুল মোত্তালেব মারা যান। এলাকাবাসী গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সোহেল রানা মারা যান। অবস্থার অবনতি হলে সুজন ব্যাপারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।