মোটরসাইকেল না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষিমিরদিয়াড় গ্রামে যৌতুক হিসেবে মোটরসাইকেল না পেয়ে গতকাল রোববার সকালে তামান্না খাতুন নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত তামান্না উপজেলার পশ্চিম বাহিরচর দশমাইল এলাকার তাইজুল ইসলামের মেয়ে।তাইজুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ১০ মাস আগে ক্ষিমিরদিয়াড় গ্রামের নয়ন আলীর (২৭) সঙ্গে তামান্নার (১৯) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নয়ন যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করেন। তামান্না এর প্রতিবাদ করলে তাঁকে প্রায়ই নির্যাতন করতেন নয়ন। এর জেরে গতকাল তামান্নাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নয়ন ও তাঁর পরিবারের সদস্যরা তামান্নার ওপর নির্যাতন চালান। একপর্যায়ে তামান্নার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গৃহবধূ তামান্নার চাচা শফিকুল ইসলাম বলেন, তামান্নার স্বামী নয়ন সকালে মুঠোফোন জানান, তামান্না গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। বেলা সোয়া একটার দিকে হাসপাতালে তামান্নার মৃত্যু হয়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তামান্নার বাবা থানায় অভিযোগ দিয়েছেন। নয়ন ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।