মোটরসাইকেল পাননি, বিয়ের আসরেও যাননি
যৌতুকের দাবি ছিল একটি মোটরসাইকেল। এটি দিতে পারেনি কনেপক্ষ। ক্ষোভে বিয়ের আসরে পর্যন্ত যাননি বর। ফলাফল অনুমিতই। বিয়েটি ভেঙে গেছে।ঘটনাটি কিশোরগঞ্জ সদর উপজেলার জিনারাই গ্রামের। ঘটেছে গত বৃহস্পতিবার। তবে বরপক্ষকে সামাজিক বৈঠকে ডেকে জরিমানা করা হয়েছে। এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে তাদের।এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামের মুসলিম মিয়ার ছেলে সৌদিপ্রবাসী রুক্কনউদ্দিনের সঙ্গে একই ইউনিয়নের জিনারাই গ্রামের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। গত বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। বিয়ের আগেই বরপক্ষ একটি মোটরসাইকেল দাবি করে। বিয়ের দিন দুপুরে কনেপক্ষ নিজেদের মেহমানদের খাওয়ার পর্ব শেষ করে বরপক্ষের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু বরপক্ষ সময়মতো না আসায় তারা বরের বাড়িতে খোঁজ নেয়। তখন বরপক্ষ জানায়, বিয়ের দিন মোটরসাইকেল না দেখে তারা বিয়ের আসরে যাবে না। বিষয়টি নিয়ে দুই পক্ষে অনেক আলাপ-আলোচনা হয়। কিন্তু বরপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে। পরে কনেপক্ষও যৌতুকলোভী ছেলের সঙ্গে তাদের মেয়ের বিয়ে দেবে না বলে সিদ্ধান্ত নেয় এবং ঘটনাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানায়।মেয়েটির বাবা জানান, টাকা-পয়সা জোগাড় করতে না পারায় মোটরসাইকেল দিতে পারেননি। তবে বিয়ের পর টাকা-পয়সা জোগাড় হলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বরপক্ষ সেই সুযোগ দিল না।ইউএনও আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, যৌতুকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কোনো করণীয় নেই। বিষয়টি থানার পুলিশ অথবা আদালতকে জানাতে হবে।এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় চৌদ্দশত ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ও উভয়পক্ষের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বরপক্ষকে এক লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আবদুল করিম প্রথম আলোকে বলেন, বিষয়টি মেয়েটির পরিবারের মান-সম্মানের ব্যাপার। তাই গণ্যমান্য ব্যক্তিদের ডেকে বৈঠক করে ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।যোগাযোগ করা হলে বর রুক্কনউদ্দিনের বাবা মুসলিম মিয়া বলেন, বৈঠকে সর্বসম্মতিক্রমে ক্ষতিপূরণের সিদ্ধান্ত হয়েছে। এটা তিনি জেনে গেছেন। ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে বর রুক্কনউদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।