মোটরসাইকেল ফেরিওয়ালা!

ছুটছে মোটরসাইকেল। চালকের আসনে বসা মধ্যবয়সী এক ব্যক্তি। গাড়ির দুই পাশে বিশেষ কায়দায় বসানো কাঠের র্যা কে ঝোলানো মুখরোচক নানা খাবারের প্যাকেট। কারও ডাক পড়লেই দাঁড়াচ্ছেন। হাসিমুখে ক্রেতার হাতে তুলে দিচ্ছেন প্যাকেট। বিকিকিনি সেরে আবার ছুট। সবার কাছে তিনি পরিচিত ‘মোটরসাইকেল ফেরিওয়ালা’ নামে। তাঁর নাম মো. আব্দুল করিম (৪৮)। খাগড়াছড়ি জেলার রামগড়, মানিকছড়ি, গুইমারা ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন স্থানে ফেরি করে খাবার বিক্রি করেন তিনি।
গত রোববার গুইমারার পাশে জালিয়াপাড়ায় গেলে দেখা মেলে তাঁর। মানিকছড়িতে পণ্য সরবরাহ দিয়ে ফিরছিলেন। সেখান থেকে আমাদের নিয়ে যান ১১ কিলোমিটার দূরের গুইমারার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মাপাড়ার বাড়িতে। কথায় কথায় করিম জানান মোটরসাইকেল ফেরিওয়ালা হওয়ার পেছনের গল্প। খোলেন স্মৃতির ঝাঁপি।
একসময় করিম ছিলেন দিনমজুর। মানুষের খেতখামারে মজুরি খেটে সংসার চালাতেন। সারা দিন খেটে মজুরি পেতেন ১২০ টাকা। তাও যেদিন কাজ থাকত না সেদিন একবেলাও খাবার জোটাতে হিমশিম খেতে হতো। স্ত্রী-সন্তানসহ পাঁচজনের সংসারে ‘নুন আনতে পান্তা’ ফুরায় অবস্থা। এরপরও ভেঙে পড়েননি। অভাবের এই বৃত্ত থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকেন। অবশেষে ২০০৬ সালের দিকে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন চানাচুর তৈরি আর মটর ভাজার কাজ। ঘরে তৈরি এসব চানাচুর ও মটর পুরোনো একটি সাইকেলে চেপে ফেরি করে গুইমারার হাট-বাজারে বিক্রি করতে থাকেন। ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা। সময়ের ব্যবধানে চানাচুরের সঙ্গে যোগ হয়েছে চিপস ও গজা। বাড়ে আয়, বাড়ে ব্যবসার পরিধি। খুচরার পাশাপাশি পাইকারিতে পণ্য বিক্রি শুরু করেন। ব্যবসার লাভের টাকায় দুই বছরের মাথায় ঋণ শোধ করে কেনেন মোটরসাইকেল। এখন মোটরসাইকেলেই ফেরি করেন।
করিম জানান, গড়ে প্রতি মাসে দেড় থেকে দুই লাখ টাকা বিক্রি করেন তিনি। শ্রমিক ও আনুষঙ্গিক ব্যয় বাদ দিয়ে লাভ হয় ১৫ থেকে ১৮ হাজার টাকা। তা িদয়ে ভালোভাবেই চলছে তাঁর সংসার।
মোটরসাইকেলে এত পণ্য নিয়ে চলাচল করেন, ভয় করে না? এমন প্রশ্নে মুচকি হেসে করিম বলেন, ‘ঝুঁকি তো আছে। তাই বলে বসে থাকলে চলবে? তবে আমি সতর্ক হয়ে চলি।’
করিমের তিন ছেলেমেয়ে। বড় মেয়ে আমেরুন নেছা (১৮) গুইমারা কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষে, মেজ ছেলে রবিউল হোসেন (১৬) হাফছড়ি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে এবং ছোট মেয়ে রিয়া আক্তার (১৪) গুইমারা শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। ব্যবসার আয় থেকে প্রায় আট লাখ টাকা ব্যয়ে পৈতৃক ভিটাতে ১০ শতক ভূমির ওপর নির্মাণ করেছেন সেমিপাকা বাড়ি।
বাড়িরই পাকঘরে চলছে চানাচুর, চিপস, মটর ভাজা ও গজা খাবার তৈরির কাজ। এসব তদারক করছেন করিমের স্ত্রী রুলি বেগম। খাদ্যদ্রব্য তৈরি ও প্যাকেটজাতকরণে রয়েছেন ছয়জন নারী শ্রমিক। এঁদের মধ্যে দুজন বাঙালি আর বাকি চারজন ত্রিপুরা নারী।
তাঁদের একজন স্বামী পরিত্যক্ত আনজরা বেগম। তিনি জানান, এখানে কাজ করে ১৬০ টাকা মজুরি পান। তা দিয়ে তিন বছর বয়সী এক ছেলেকে নিয়ে খেয়েপরে বেঁচে আছেন। আরেক নারী শ্রমিক হোতানি ত্রিপুরা জানান, স্বামী ও তিন সন্তান নিয়ে পাঁচ সদস্যের পরিবার তাঁর। সবার আহারের জোগান হয় তাঁর মজুরি দিয়ে। এ ছাড়া নারী শ্রমিক কেলেম্বী ত্রিপুরা, নন্দী ত্রিপুরা ও রঙ্গবালা ত্রিপুরা জানান, বাড়ির পাশে হওয়ায় এখানে কাজ করতে বেশ সুবিধা হয় তাঁদের।
গুইমারাসহ আশপাশের এলাকায় করিমের তৈরি খাবারের চাহিদা বেশ। দোকানিরা জানান, মান ভালো হওয়ায় এসব খাবার নিয়ে কারও কোনো অভিযোগ নেই। করিমও খাবারের মান ঠিক রাখতে সদা সতর্ক। তিনি বলেন, ‘এসব খাবার বেশি খায় বাচ্চারা। তাই সব সময় নজর রাখি খাবার যেন ঠিক থাকে।’
হাফছড়ি ইউনিয়নের তৈকর্মাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য অঙ্গজাই মারমা বলেন, করিম দীর্ঘদিন ধরে খাদ্যপণ্যের ব্যবসা করছেন। তাঁর খাবারের গুণগত মান ভালো।
করিমের স্বপ্ন ব্যবসার পরিধি আরও বাড়ানোর। নিজ বাড়িতে ছোট একটি কারখানা গড়ে তোলার ইচ্ছা তাঁর। সঙ্গে মালামাল পরিবহনের জন্য ছোট্ট একটি পিকআপ ভ্যান কিনতে চান। এতে একদিকে যেমন তাঁর নিজেরও আয় বাড়বে, তেমনি এলাকার অসহায় দরিদ্র নারীদের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান।
স্বপ্নপূরণ হবে তো? বললেন, ‘চেষ্টা করে যাব।’ করিমের পোড়খাওয়া চেহারায় তখন দৃঢ়তা, চোখে এগিয়ে যাওয়ার প্রত্যয়।