মোটরসাইকেল বহরে বাধা এএসপি অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মো. গোফরানের সমর্থনে মোটরসাইকেল বহরে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ সুপারের (এসপি) হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই মোটরসাইকেল বহরে জাতীয় দলের ক্রিকেটার আবদুর রাজ্জাকও ছিলেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ফকিরহাটের মূলঘর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মো. গোফরান এবং আওয়ামী লীগের সমর্থক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্রিকেটার রাজ্জাক কাজী গোফরানের প্রতিবেশী। বৃহস্পতিবার বিকেলে গোফরানের ভাইপো কাজী শামীম ক্রিকেটার রাজ্জাকসহ অর্ধশতাধিক ব্যক্তি ২০-২২টি মোটরসাইকেল নিয়ে বিভিন্ন গ্রামে যান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৌহিদুল ইসলাম একে নির্বাচনী প্রচারণা উল্লেখ করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তাৎক্ষণিকভাবে বিষয়টি বাগেরহাটের এসপি খন্দকার রফিকুল ইসলামকে জানান। এসপির নির্দেশে এএসপি শাফিন আহমেদ ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেনসহ চারজন পুলিশ নিয়ে ওই এলাকায় যান। সন্ধ্যা সাতটার দিকে মূলঘর ইউনিয়নের ফলতিতা-কলকলিয়া সড়কের বানিয়াখালী গ্রামে তিনি রাজ্জাকের মোটরসাইকেল বহরের গতিরোধ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় রাজ্জাকের সঙ্গে এএসপি শাফিনের বাগিবতণ্ডা হয়। রাজ্জাক একপর্যায়ে এসপি রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। পরে রাজ্জাক কয়েকটি মোটরসাইকেলসহ পুলিশি পাহারায় এলাকা ছেড়ে যান। এই খবর পেয়ে কাজী গোফরান ঘটনাস্থলে যান। এ সময় লাঠিসোঁটা নিয়ে গোফরানের কয়েক শ সমর্থক সেখানে জড়ো হয়। তারা এএসপি শাফিনকে অবরুদ্ধ করে। কাজী গোফরান বলেন, ‘রাজ্জাক আমার গ্রামের ছেলে। তিনি আমার ভাইপোর সঙ্গে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে এলাকায় বের হন। পুলিশ তাঁর মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে দুর্ব্যবহার করে। এ খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ সময় আমার সমর্থকেরা এএসপির গাড়ির সামনে শুয়ে পড়ে তাঁকে অবরুদ্ধ করে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানায়। এসপি ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।’ এএসপি রফিকুল ইসলাম বলেন, ‘ক্রিকেট তারকা রাজ্জাক আমার সঙ্গে মুঠোফোনে কথা বলার পর ওই এলাকা ছেড়ে যান। কিন্তু কিছু লোক গভীর রাত পর্যন্ত এএসপি শাফিনকে এক প্রকার অবরুদ্ধ করে রাখে। আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ক্রিকেটার রাজ্জাক মুঠোফোনে বলেন, ‘আমি কোনো নির্বাচনী প্রচারণায় যোগ দিতে যাইনি। বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। পরে আরও কিছু মানুষ মোটরসাইকেল নিয়ে আমার সঙ্গে যোগ দেয়। পুলিশ আমাদের মোটরসাইকেল বহর আটকে দিলে আমি এসপির সঙ্গে কথা বলি। পরে চলে আসি। এরপর কী হয়েছে জানি না।’এএসপি শাফিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রসঙ্গত, ৩১ মার্চ বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।