মোটরসাইকেল মহড়ার হিড়িক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নড়াইলের বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও জনপ্রতিনিধির কাছ থেকে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরাই আচরণবিধি ভাঙছেন। এলাকাবাসী জানায়, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন গত বৃহস্পতিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকায় প্রায় ৪০০ সমর্থক নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। ওই ইউনিয়নের অপর চেয়ারম্যান পদপ্রার্থী মোকাররম হোসেন জানান, বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ থানার ওসিকে জানানো হয়েছে। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই দিন সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী লাবলু ভূঁইয়া ২৫-৩০টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন।লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফয়জুল হক গত মঙ্গলবার বিকেলে কয়েকটি নসিমনে পাঁচ শতাধিক সমর্থক নিয়ে এলাকায় মহড়া দেন। পরে স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনিস্টিটিউশন স্কুলমাঠে জনসভা করেন। লাহুড়িয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, আসন্ন ইউপি নির্বাচনে লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ হোসেন ১০ মে ১১৬টি মোটরসাইকেলের শোভাযাত্রা বের করে বিভিন্ন গ্রামে মহড়া দেন। তার পরের দিন অপর চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল জমাদ্দার ৮৭টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। জানতে চাইলে নজরুল জমাদ্দার বলেন, ‘দাউদ হোসেন আমার আগে বেশি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন। প্রশাসনের নির্দেশ পাওয়ার পর এ ধরনের মহড়া আর করিনি।’ দাউদ হোসেন বলেন, ‘পাশের মাগুরা জেলার মহম্মদপুর এলাকা থেকে কিছু লোক মোটরসাইকেল নিয়ে এলাকায় প্রবেশ করে মহড়া দিয়েছে। তাঁরা আমার লোক নয়।’ একইভাবে কলোড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশীষ কুমার বিশ্বাস, বাসগ্রাম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, বিছালী ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী কুবাদ হোসেন, কালিয়া উপজেলার খাশিয়াল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা প্রদিদিন ১০-১২টি মোটরসাইকেল নিয়ে জনসংযোগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের চোখ ফাকি দিয়ে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হচ্ছে। লাহুড়িয়া ইউনিয়নে সম্প্রতি দুজন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি।’লোহাগড়ার ইউএনও অরুণ কুমার মণ্ডল অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে তদন্ত কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে নোয়াগ্রাম ইউনিয়নের দুজন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল হক ও ফয়জুর আমীর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে এলাকায় মহড়া করার অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে লোহাগড়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের মৌখিক অভিযোগ পাওয়া গেছে।’লোহাগড়া থানার ওসি মো. আশরাফ হোসেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে থানায় দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। নড়াইলের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের কোনো ধরনের মহড়া না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে যদি কেউ শোভাযাত্রা করেন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।