মোটরসাইকেল শোভাযাত্রা, পোস্টার সাঁটানো চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে মেয়র পদপ্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যাচ্ছে। বরগুনায় এক মেয়র প্রার্থীর পক্ষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণা চালিয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে দুই প্রার্থীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চগড় ও ময়মনসিংহের নান্দাইলে মেয়র প্রার্থীদের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগও উঠেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরগুনা: বরগুনা পৌরসভার বর্তমান মেয়র মো. শাহজাহানের পক্ষে পৌরসভার ২৫ জন কর্মকর্তা-কর্মচারী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী মো. শাহাদাৎ হোসেন। গত বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক লিখিত অভিযোগে মহাজোটের প্রার্থী শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, বরগুনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. হালিম, সহকারী প্রকৌশলী মজিবুল হায়দার, উপসহকারী প্রকৌশলী রেজাউল করিম, প্রধান সহকারী হাসিনা বেগমসহ ২৫ জন কর্মকর্তা-কর্মচারী বর্তমান মেয়র মো. শাহজাহানের পক্ষে নির্বাচনী প্রচারকাজে নিয়োজিত আছেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, এসব কর্মকর্তা-কর্মচারী দিয়ে উঠান বৈঠক আয়োজন, মঞ্চ নির্মাণ, চেয়ার সংগ্রহ, পোস্টার-ব্যানার ঝোলানো, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাসহ নানাবিধ কাজ করানো হচ্ছে। এ ছাড়া নির্বাচনী কাজে পৌরসভার বিভিন্ন বিভাগের গাড়ি ব্যবহার করা হচ্ছে। মেয়র পদপ্রার্থী মো. শাহজাহান অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তো পৌর এলাকারও নাগরিক। নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার অধিকার তাঁদেরও আছে। জেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।ভৈরব (কিশোরগঞ্জ): আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মহাজোটের মেয়র ও ভৈরবে এক কাউন্সিলর প্রার্থীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে মেয়র প্রার্থীকে পাঁচ হাজার ও কাউন্সিলর প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাঁরা প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি কোষাগারে ওই টাকা জমা দিয়েছেন।কুলিয়ারচর উপজেলা রিটার্নিং কর্মকর্তা শাহ আলম জানান, কুলিয়ারচরে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মহাজোটের মনোনীত মেয়র প্রার্থী আবুল হাসানের ছবি সংবলিত রঙিন পোস্টার ঝোলানো অবস্থায় দেখতে পান আদালত। সাক্ষ্যপ্রমাণে আদালত নিশ্চিত হন, আবুল হাসান সজ্ঞানে ওই পোস্টার প্রচারের কাজে ব্যবহার করছেন। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়। এ কারণে তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। ভৈরব উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, গত মঙ্গলবার বিকেলে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম মস্তফার পক্ষে তাঁর সমর্থকেরা সকালে মিছিল বের করেন। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতি মিয়া তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কার্যালয়কে জানান। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে গোলাম মস্তফাও দোষ স্বীকার করেন। এ কারণে তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।পঞ্চগড়: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে চারদলীয় জোটের মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন মহাজোট সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন।প্রার্থী মো. জহিরুল ইসলাম বলেন, মেয়র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের টাকা দিচ্ছেন। শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অভিযোগ অস্বীকার করে মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমি শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছি। কয়েক দিন আগে আমি মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছি।’নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে মোটরসাইকেল শোভাযাত্রা করা ও দেয়ালে পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। গত বুধবার বিএনপির মেয়র প্রার্থী এ এফ এম আজিজুল ইসলাম ভূঁইয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ওই অভিযোগ করেন। অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, ‘আমি নিজে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি, কোথাও দেয়ালে পোস্টার লাগানো হয়নি। কারা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে, তা বলতে পারব না। আমি আচরণবিধি মেনেই প্রচারণা চালাচ্ছি।’