নাটোরের লালপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা করায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হারুনর রশিদের সমর্থকদের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সন্ধ্যায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের পরিচালিত আদালত এ জরিমানা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে হারুনর রশিদের সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রার অভিযোগ ওঠে। এর ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলাম উপজেলার দুয়ারিয়া মৌড়ে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি নির্বাচনী প্রচারে ব্যবহূত ১০টি মোটরসাইকেল আটক করেন। এ সময় আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
জরিমানা প্রসঙ্গে বিএনপি-সমর্থিত প্রার্থী হারুনর রশিদ বলেন, ‘আমার সমর্থকেরা নির্বাচনী বিধি মেনে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন মোটরসাইকেল নিয়ে সেখানে উপস্থিত হয়। এ সময় প্রশাসন অন্যায়ভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আমার সমর্থকদের জরিমানা করেছে। এত আমার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’