মোটরসাইকেলই কাল হলো কলেজছাত্র পারভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধার করে মোটরসাইকেলটি কিনেছিল ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের ছাত্র পারভেজ বিশ্বাস। পড়াশোনার ফাঁকে ফাঁকে মোটরসাইকেলটি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করত সে। কিন্তু এই মোটরসাইকেলটিই তার কাল হলো। মোটরসাইকেলসহ নিখোঁজ হওয়ার ৪৫ ঘণ্টা পর পাওয়া গেল পারভেজের মৃতদেহ।
পুলিশ বলেছে, মোটরসাইকেলের জন্য পারভেজকে নির্মমভাবে খুন করেছে অজ্ঞাত দুর্বত্তরা। পারভেজ ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আয়জুদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামের মো. জালালউদ্দিন বিশ্বাসের একমাত্র ছেলে ও ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।
জালালউদ্দিন বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ভাড়ায় মোটরসাইকেল চালানোর জন্য বাড়ি থেকে বের হয় পারভেজ। পরে রাতে সে বাড়ি ফেরেনি। রাতে পারভেজের ব্যবহূত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ জন্য শনিবার ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি ও রোববার সকালে র‌্যাব-৮ ফরিদপুর কার্যালয়ে অভিযোগ করেন তিনি। গতকাল বেলা তিনটার দিকে ফরিদপুর-গোয়ালন্দ আঞ্চলিক মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কাচারির টেক এলাকার রাস্তার পাশে একটি কুম (গভীর গর্ত) থেকে উদ্ধার করা হয় পারভেজের মৃতদেহ।
মৃতদেহ উদ্ধারকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, তাঁকে উপর্যুপরি ছুরিকাহত করে হত্যা করা হয়। তাঁর কান দুটি কাটা ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ছিল ধারালো অস্ত্রের আঘাত। তাকে হত্যা করে তার শরীরের সঙ্গে বালুর বস্তা বেঁধে মৃতদেহ পানির ভেতর ডুবিয়ে রাখে হত্যাকারীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, ধার করে এক মাস আগে এক লাখ ৪৩ হাজার টাকা দিয়ে শহরের তাজ মোটর্স থেকে বাজাজ ডিসকভার ১০০ সিসি মডেলের কালো রঙের ওই মোটরসাইকেলটি কেনে সে। পড়াশোনার ফাঁকে ফাঁকে মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে পারভেজের বাবা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।