মোটরসাইকেলচালককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার নয়াপাড়া এলাকার তুলাতলী গ্রামের জামাল মাতব্বর (২৬) নামের মোটরসাইকেলের এক চালককে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আবুল কাসেম মো. মোস্তফা এই আদেশ দেন এবং জরিমানার টাকার দুই-তৃতীয়াংশ মৃত জামালের ওয়ারিশরা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুয়াকাটা ও লতাচাপলী এলাকার ইব্রাহিম হাওলাদার (২৪), জামাল হোসেন (১৮), সালাহউদ্দিন ফকির (২০), নুর আলম খান নিপু (২০) ও মো. ফেরদৌস (২০)। আসামিদের শেষের তিনজন পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি বেলা তিনটার দিকে জামাল মাতব্বর ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরদিন সকাল ১০টার দিকে লেম্বুরচরের একটি দোকানে একটি হেলমেট দেখতে পেয়ে সেটি জামালের বলে বাড়ির লোকজন চিনতে পারেন। হেলমেটটি বালুচরে এক জেলে পেয়ে ওই দোকানে রেখে যান। পরে সেখানকার একটি জঙ্গলে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই নিহত জামালের বাবা সানু মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকালে পুলিশ আসামিদের চিহ্নিত করে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের ৫ জনের মধ্যে ৪ জন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ ২০১৪ সালের ৯ নভেম্বর তাঁদের সবার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর জেলা ও দায়রা জজ উল্লিখিত রায় প্রদান করেন।