মোটরসাইকেলসহ ছিটকে পড়ে দুই আরোহী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ ফাঁড়ির সামনে গত রোববার সকাল নয়টার দিকে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেন পুলিশের সদস্যরা। থামতে একটু দেরি হওয়ায় পুলিশের এক সদস্য মোটরসাইকেলটিকে লাথি মারেন। এতে ছিটকে পড়ে দুই আরোহী আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই স্থানে খুলনা-যশোর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে।লাথি মারার অভিযোগ অস্বীকার করে এএসআই আকরাম হোসেন বলেন, ‘চলন্ত মোটরসাইকেলের চাকা আমার জুতার সঙ্গে লেগে পড়ে যায়।’প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার ব্যবসায়ী মেসবাহ উদ্দিন ও তাঁর ফুফাতো ভাই মিজানুর রহমান ফুলতলার দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তাঁরা ওই ফাঁড়ির সামনে পৌঁছালে পুলিশের সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটির গতি কমান। কিন্তু থামতে দেরি হওয়ায় পুলিশের সদস্য আতিয়ার রহমান ওই মোটরসাইকেলটি টেনে ধরেন। তখন সহকারী উপপরিদর্শক (এএসআই) আকরাম হোসেন মোটরসাইকেলে লাথি মারেন। সঙ্গে সঙ্গে দুই আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ওই স্থানে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। পরে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন।খানজাহান আলী থানার ওসি শহিদুল ইসলাম জানান, আরোহীরা সংকেত না মেনে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের এক সদস্য মোটরসাইকেল টেনে ধরে থামান। তখন পেছনের চাকায় পুলিশের অপর এক সদস্যের বুট (জুতা) বেঁধে যাওয়ায় চলন্ত মোটরসাইকেল পড়ে যায়। পুলিশের লাথি মারার ঘটনার কোনো প্রমাণ মেলেনি। আর পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা হবে।এলাকাবাসী অভিযোগ করে, ওই পুলিশ ফাঁড়ির সদস্যরা দীর্ঘদিন থেকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন।