মোটরসাইকেলসহ নেতা গ্রেপ্তার
রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এগুলো রাখার অভিযোগে পুলিশ গত শনিবার স্বেচ্ছাসেবক দলের এক নেতা ও একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে।তাঁরা হলেন: বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম (৪০) ও একই উপজেলার গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম (৩৮)। পুলিশ জানায়, পুলিশ শনিবার সিরাজুলের বাড়ি থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করে। এরপর ওই রাতেই শিক্ষক আমিনুল ইসলামের উত্তর রামনাথপুর হাজীপাড়া গ্রাম ও রামকৃষ্ণপুর বালাপাড়া গ্রামের আনিছুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে দুটি নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণকুমার সরকার বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনকে তারাগঞ্জ থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (গতকাল) আদালতে হাজির করা হয়। থানা হেফাজতে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। তাঁর বাড়ি থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার হওয়া সম্পর্কে তিনি বলেন, এটি ৪০ হাজার টাকায় আনিছুল ইসলাম তাঁর কাছে বন্ধক রেখেছিলেন। শিক্ষক আমিনুল ইসলাম জানান, তিনিও চক্রান্তের শিকার।