মোটরসাইকেলসহ রেলসেতু থেকে পড়ে মৃত্যু
ফরিদপুরে ভগ্নপ্রায় রেলসেতু থেকে মোটরসাইকেলসহ পড়ে জাহিদ শেখ (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের বাজারসংলগ্ন রেলসেতুতে। দুই সন্তানের জনক জাহিদ উত্তর কোমরপুর গ্রামের বাসিন্দা ও ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী মো. ইউনুস জানান, জাহিদ তাঁর মোটরসাইকেলটি ঠেলে নিয়ে রেলসেতু পার হচ্ছিলেন। পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার সময় সামনের এক ব্যক্তিকে জায়গা দিতে গিয়ে হঠাৎ তিনি মোটরসাইকেলসহ প্রায় ৫০ ফুট নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উত্তর শোভারামপুর এলাকার কামরুজ্জামান রানা জানান, এই ভগ্নপ্রায় রেলসেতুর পাশে একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী অনেক বছর ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু আশ্বাস ছাড়া কিছু জোটেনি।