মোটরসাইকেলে চড়ে ছিনতাই করেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুল ইসলাম, ফরহাদ মাহমুদ ও শরফ উদ্দিন তিন বন্ধু। একসঙ্গে একই মোটরসাইকেলে চষে বেড়ান নগরের অলিগলি। তাঁরা বের হন রাতের বেলায়। উদ্দেশ্য পথচারীদের টাকা-পয়সা ছিনতাই করা। গত শনিবার দিবাগত রাতে ছিনতাই করার আগ মুহূর্তে তাঁরা তিনজন একসঙ্গে গ্রেপ্তার হন। জব্দ করা হয় তাঁদের ব্যবহূত মোটরসাইকেলটিও। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাপাতি ও একটি ধারালো ছোরা। পুলিশ সূত্র জানায়, একটি চোরাই মোটরসাইকেলসহ মাস দুয়েক আগে গ্রেপ্তার হন সাইফুল ইসলাম। দ্রুততার সঙ্গে জামিন পেয়ে তিনি আবার ছিনতাইকারীর খাতায় নাম লেখান।পুলিশ সূত্র আরও জানায়, সামনে ঈদ। ইতিমধ্যে নগরের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের কেনাকাটা শুরু হয়ে গেছে। প্রতিদিন রাত থেকে ভোররাত পর্যন্ত চলবে এই কেনাকাটা। এ কারণে নগদ টাকার পরিবহন ও লেনদেন বেড়েছে। তাই এই তিন বন্ধু একটি চাপাতি ও একটি ছোরা নিয়ে ছিনতাই মিশনে নামেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সাইফুল, ফরহাদ ও শরফ—তিনজনই পেশাদার ছিনতাইকারী। মোটরসাইকেল চড়ে ছিনতাই করা তাদের পেশা। ইতিপূর্বে একটি চোরাই মোটরসাইকেলসহ সাইফুল গ্রেপ্তার হয়। জামিন নিয়ে বেরিয়ে সে আবার দুই বন্ধু নিয়ে ছিনতাই শুরু করে। তিনজনের বিরুদ্ধেই আমরা মামলা করেছি।’