মোটরসাইকেলে ছাত্রীকে ছেঁচড়ে নিল বখাটে
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক বখাটের মোটরসাইকেলের ধাক্কায় ফারিয়া আক্তার (১২) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। মেয়েটির ওড়না মোটরসাইকেলে আটকে গেলে বখাটে নবী হোসেন তাকে ছেঁচড়ে বেশ কিছু দূর নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বক্তাবলীর কানাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মেয়েটির বাবা মোতালেব গাজী বলেন, বক্তাবলী কানাইনগর সোবহানিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে তাঁর মেয়ে। গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর অন্য ছাত্রীদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল সে। পথে নবী মোটরসাইকেলে চড়ে এসে ফারিয়াকে ধাক্কা দেয়। এতে মেয়েটি পড়ে গিয়ে তার ওড়না মোটরসাইকেলে আটকে যায়। কিন্তু নবী মোটরসাইকেল না থামিয়ে ওই অবস্থাতেই ফারিয়াকে ছেঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায়। এতে মেয়েটির কয়েকটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। পরে মেয়েটির ওড়না ছিঁড়ে গেলে নবী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
মেয়েটির চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, নবী কিছুদিন আগে বিদেশ থেকে ফেরে। একটি মোটরসাইকেল কিনে এলাকায় যখন-তখন বেপরোয়া গতিতে চালায়। সে এলাকার মেয়েদের নানাভাবে উত্ত্যক্তও করে।
গুরুতর আহত ফারিয়াকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর নবী এলাকা ছেড়ে পালিয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউসুল আজম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ নবী হোসেনকে আটক করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।