মোটরসাইকেলে তিনজন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন থেকে মোটরসাইকেলে দুজনের বেশি বসা যাবে না। তিনজন মোটরসাইকেলে চড়লে বাধা দেওয়া হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ নেবে।

চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এই হত্যাকারীরা মোটরসাইকেলে করে এসেছিল।

দেশে প্রচলিত মোটরযান আইন অনুসারে মোটরসাইকেলে দুজনের বেশি বসার বিধান নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়াও বেআইনি। তবে এসব আইনে থাকলেও বাস্তবে এর প্রয়োগ নেই। তিনজন চড়ার ব্যাপারে নিষেধাজ্ঞার কথা এর আগেও বলা হয়েছিল।

বাবুল আক্তারের স্ত্রী হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আটক করা যাবে। তিনি বলেন, সম্প্রতি খ্রিষ্টান দুই ধর্মযাজককে হত্যাচেষ্টা, বিদেশি নাগরিকসহ যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এর সঙ্গে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার মিল রয়েছে।

পুলিশের মনোবল ভেঙে দিতে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখব।’