মোটরসাইকেলে প্ল্যাটফর্ম দাবড়ে বেড়ালেন
রেলওয়ে মহাপরিচালকের (ডিজি) আত্মীয় পরিচয় দেওয়া সেই ব্যক্তির দাপট দেখা গেল আবারও। এবার তিনি রাজশাহী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে প্রকাশ্যে মোটরসাইকেল চালালেন। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
এর আগে গত ২৫ আগস্ট প্রভাব খাটিয়ে পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের একজন পরিচালককে (গার্ড) সাময়িক বরখাস্ত করান এই ব্যক্তি। গার্ড ব্রেকে তাঁর মাল না নেওয়ায় চলন্ত ট্রেনেই তিনি গার্ডকে বরখাস্ত করান। এ নিয়ে পরদিন প্রথম আলোতে ‘চলন্ত ট্রেনেই গার্ড বরখাস্ত’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। অবশ্য এর পরের দিনই এই বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।
এই ব্যক্তির নাম মেহেদী। বাড়ি রাজশাহী শহরের শিরোইল এলাকায়। তিনি রেলওয়ে ডিজির আত্মীয় পরিচয় দিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের কর্মচারী ও কর্মকর্তাদের ওপর অনৈতিক প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী স্টেশনে পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার অপেক্ষায় ছিল। এ সময় মেহেদী একটি সাদা রঙের মোটরসাইকেল নিয়ে রেলস্টেশন ভবনের ভেতরে উঠে পড়েন। তিনি মোটরসাইকেলটি টিকিট কাউন্টারের পাশে রেখে ট্রেনের গার্ড ব্রেকে ওঠেন। তারপর তিনি তাঁর মোটরসাইকেল চালিয়ে স্টেশন ভবনের টিকিট কাউন্টারের সামনে দিয়ে পশ্চিমের গেটের কাছে এসে দাঁড়ান। সেখানে রেলওয়ের একজন নিরাপত্তা সদস্য তাঁকে থামানোর চেষ্টা করেন। মেহেদী তাঁকে কিছু একটা বলার পর ওই নিরাপত্তা সদস্য তাঁকে আর আটকানোর চেষ্টা করেননি। এরপর তিনি নিচে নেমে রেলওয়ের একজন কর্মচারীকে মোটরসাইকেলের পেছনে তুলে নিয়ে চলে যান।
মেহেদীর মুঠোফোন বন্ধ পাওয়ায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
রেলওয়ে প্ল্যাটফর্মে মোটরসাইকেল চালানো যায় কি না, প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল কেন, প্ল্যাটফর্ম বা স্টেশন ভবনের ভেতরে একটি সাইকেলও কেউ ওঠাতে পারবে না।