মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা স্টিকার লাগিয়ে শিবিরের হামলা
মোটরসাইকেলে ‘প্রেস’ লেখা স্টিকার ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। গত শুক্রবার এমন পাঁচটি মোটরসাইকেলসহ শিবিরের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রেস (সংবাদপত্র) লেখা স্টিকারযুক্ত পাঁচটি মোটরসাইকেলসহ ছয়জন নেতা-কর্মীকে আটক করা হয়। ডিবির উপকমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মী ডিবিকে জানান, মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে পুলিশের ওপর হামলা চালানো নিরাপদ। এভাবে তাঁরা ঘুরে বেড়াতেন এবং পুলিশের অবস্থানের ওপর ইট ও ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যেতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝামেলা এড়াতে তাই তাঁরা প্রেস স্টিকার লাগাতেন। ডিবি পুলিশ জানায়, গতকাল শিবিরের ৩৮ নেতা-কর্মীকে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। শিবিরের বিক্ষোভ: ছাত্রশিবিরের নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে শিবির। ফকিরেরপুল মোড় থেকে সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি বের হয়ে দৈনিক বাংলা মোড়ে আসে। এ সময় পুলিশ ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।ছাত্রশিবির দাবি করেছে, মিছিলের পেছন থেকে হামলা করে দলের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।