মোটরসাইকেলের চাপায় জুড়ীতে দুই শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় গতকাল বৃহস্পতিবার সকালে একটি কিন্ডারগার্টেনের দুই খুদে শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি এবং বিদ্যালয়ের সামনে গতিরোধক স্থাপনের দাবিতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার লোকজন প্রায় এক ঘণ্টা জুড়ী-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।প্রত্যক্ষদর্শী, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বেলাগাঁও গ্রামের দুবাইপ্রবাসী ময়না মিয়ার ছেলে নাবিল (৬) ও মেয়ে নওরিন (৭) স্থানীয় শিশু শিক্ষা একাডেমিতে যথাক্রমে শিশু শ্রেণী ও প্লে গ্রুপে পড়ে। গতকাল সকাল ১০টার দিকে বাড়ি থেকে রওনা দিয়ে বিদ্যালয়ের সামনে জুড়ী-কুলাউড়া সড়কে পৌঁছালে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাদের চাপা দিয়ে চলে যায়। আশপাশের লোকজন ছুটে এসে আহত দুই শিশুকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় তাদের সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।সূত্র জানায়, এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, খুদে শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন জুড়ী-কুলাউড়া সড়কে অবরোধ সৃষ্টি করে। এ সময় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও মনীষ চাকমা ও থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল আরোহীর শাস্তি এবং বিদ্যালয়ের সামনের সড়কে কিছুদিনের মধ্যে গতিরোধক স্থাপনের আশ্বাস দেন। এরপর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ইউএনও মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের সামনে জুড়ী-কুলাউড়া সড়কের দুই পাশে গতিরোধক স্থাপনে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আশা করা যাচ্ছে তাঁরা দ্রুত কাজ শুরু করবেন।’