মোটরসাইকেলের জন্য চালককে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাটাখালী চর এলাকা থেকে গতকাল বুধবার আবদুল হালিম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হালিম সদর উপজেলার বইট্যা গ্রামের ইব্রাহিম খানের ছেলে।
পুলিশ, হালিমের স্বজন ও এলাকাবাসী জানান, হালিম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত রোববার দুপুরের খাবার খেয়ে তিনি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত ১০টার দিকে স্ত্রী ফরিদা বেগমের সঙ্গে মুঠোফোনে তাঁর সর্বশেষ কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে একটি ভ্যানের ওপর একটি মোটরসাইকেল বসিয়ে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। স্থানীয় কয়েকজন ব্যক্তির সন্দেহ হলে তাঁরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ওই মোটরসাইকেলসহ তাঁকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। ওই ব্যক্তি তাঁর নাম সমীর বলে জানান। এরপর সন্ধ্যায় হালিমের স্ত্রী ফরিদা বেগম ওই সমীরসহ সাতজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় অপহরণ মামলা করেন।
হরিরামপুর থানার পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমীর জানান, মোটরসাইকেলটি হালিমের। তাঁর দেওয়া তথ্যমতে, গতকাল বিকেল পাঁচটার দিকে হরিরামপুরের বয়ড়া ইউনিয়নের কাটাখালী চর থেকে হালিমের লাশ উদ্ধার করে পুলিশ।