মোটরসাইকেলের জন্য যুবককে জবাই
একটি মোটরসাইকেলের জন্য নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবককে জবাই করা হয়েছে। গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী গতকাল সোমবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। রিপন উপজেলার ফাজিলপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে।নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ১৪ জুুন দুপুরে একই উপজেলার গড়ুয়াকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রুবেল রিপনের মোটরসাইকেলটি ভাড়া করে শ্যামগঞ্জ বাজার থেকে দুর্গাপুরে যান। এর পর থেকেই রিপন নিখোঁজ ছিলেন। গত রোববার সন্ধ্যায় রিপনের পরিবারের লোকজন জানতে পারেন মোটরসাইকেলটি নিয়ে রুবেল উপজেলার বিশকাকুনী গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। তাঁরা সেখানে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় রুবেলকে আটক করে পূর্বধলা থানায় সোপর্দ করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেন, তিনি মোটরসাইকেলটি নেওয়ার জন্য রিপনকে জবাই করে হত্যা করেছেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গতকাল নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কুলস্নাগড়া ইউনিয়নের গারো পাহাড়ের এলেন বাড়ি এলাকা থেকে পুলিশ রিপনের লাশ উদ্ধার করে। এ ছাড়া রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার কাঁকড়াকান্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে শামীমকে গ্রেপ্তার করা হয়।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া দুই যুবককে দুর্গাপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্গাপুর থানার ওসি আবদুল আওয়াল জানান, এ ঘটনায় দুর্গাপুর থানায় মামলা হয়েছে।