মোটরসাইকেলের তিন আরোহী এবং ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে মোটরসাইকেলযোগে ১৫ থেকে ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সব ক্ষেত্রেই মোটরসাইকেলের আরোহী ছিলেন তিনজন। ঘটনাগুলো ঘটেছে সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যে এবং কোনো কোনো সময় ভোরে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গায়।বেসরকারি সংস্থা ব্লাস্টের ফরিদপুর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী ছিনতাইয়ের শিকার হওয়ার কথা বর্ণনা করতে দিয়ে বলেন, ‘৫ জানুয়ারি সন্ধ্যায় আমি বাসায় ফিরছিলাম। শহরের গোপালপুর এলাকায় মুজিব সড়কে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। আমার রিকশার কাছ ঘেঁষে তিন আরোহী মোটরসাইকেল চালিয়ে যান। আমি বিরক্ত ও বিব্রত হওয়ার মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই মাঝে বসা আরোহী আমার ভ্যানিটি ব্যাগ হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যান। ওই টানের সঙ্গে আমি রিকশা থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলি। তিনি বলেন, ওই দিন এক ঘণ্টার মধ্যে তিনটি ঘটনার কথা তাঁর জানা আছে। ঘটনাগুলো বেশি ঘটছে মেডিকেল কলেজ, আলীপুর সেতু, আনাথের মোড়, উদয়ন ক্লাব ও পুবালী ক্লাবের সামনে।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, গত এক সপ্তাহে এ জাতীয় ১০-১২টি ঘটনার কথা তিনি শুনেছেন। গত মঙ্গলবার শহরের নিরাময় হাসপাতালের সামনে থেকে ওই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মো. আরজু (২৮) ও মো. মাহমুদ (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির বলেন, ভ্যানিটি ব্যাগ ও সোনার চেইন ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান চালানো হবে।