মোটরসাইকেলের ধাক্কায় যশোরে পুলিশ নিহত
যশোরে মোটরসাইকেলের ধাক্কায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। গত সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০টার দিকে যশোর-চৌগাছা সড়কের দোগাছিয়া কলেজের পাশে কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল যানবাহন থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় কনস্টেবল ইসমাইল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদ চৌগাছা থেকে যশোরের দিকে আসা এক মোটরসাইকেলের চালককে থামানোর জন্য সড়কের ওপর গিয়ে দাঁড়ান।
এ সময় চালক দুজনকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। এতে ইসমাইল সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এএসআই আসাদকে যশোর পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইসমাইল নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি যশোর কোতোয়ালি থানার অধীনে সাজিয়ালি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।