মোটরসাইকেলের ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিহত
মোটরসাইকেলের ধাক্কায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঝিকড্ডা গ্রামের ফাহমিদা আক্তার (৭) নামের এক ছাত্রী নিহত হয়েছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাহমিদা ঝিকড্ডা গ্রামের সৌদিপ্রবাসী আবুল বাশার ও ফরিদা বেগমের একমাত্র সন্তান। সে পাশের রামপুর গ্রামের ময়ূরপুর নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। শনিবার মাদ্রাসা যাওয়ার পথে সকাল সাড়ে সাতটার দিকে বাড়ির অদূরে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক রামপুর গ্রামের রোমেন আহমেদ (২৭) এ ঘটনার পরই পালিয়ে যান।রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গুণবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে সালিস বসে। এতে চার লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এ ছাড়া মামলা না করার ব্যাপারেও সমঝোতা হয়।আলী হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।তবে নিহত ফাহমিদার চাচা নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, দুই পক্ষের সমঝোতা হয়েছে। ক্ষতিপূরণের ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছে। বাদবাকি টাকা এপ্রিলের ১ তারিখের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, কেউ লিখিত অভিযোগ জানায়নি।