মানিকগঞ্জের হরিরামপুরে গতকাল শুক্রবার মোটরসাইকেলের ধাক্কায় মো. দুলাল নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া উপজেলার নাওডুবি গ্রাম থেকে হাসনা বেগম নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বাড়ি থেকে সাইকেলে করে বস্তাবোঝাই কাঁচা মরিচ নিয়ে উপজেলার ঝিটকা বাজারে যাচ্ছিলেন দুলাল (৪২)। স্থানীয় কৌড়ি কলেজ গেট এলাকায় পৌঁছানোর পর দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁর সাইকেলটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় আশপাশের মানুষ দুলালকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুলালের বাড়ি হরিরামপুর উপজেলার বাঙ্গালা গ্রামে।হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, এ ঘটনায় মোটরসাইকেলসহ চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।অপরদিকে নাওডুবি গ্রাম থেকে গতকাল দুপুরে হাসনা বেগম (৬০) নামের একজন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মো. তজুমুদ্দিনের স্ত্রী। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বৃদ্ধা আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, গতকাল সকালে বাড়ির পাশের একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৃদ্ধার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে থানায় কেউ অভিযোগ করেনি।