মোটরসাইকেলের নিবন্ধন ১৫ দিনে বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। নিবন্ধনহীন (রেজিস্ট্রেশনবিহীন) ছাড়া কোনো মোটরসাইকেল রাস্তায় চলতে পারবে না। ৩ জুন থেকে শুরু হচ্ছে এই অভিযান। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
আইজিপি বলেন, ‘৯০ শতাংশ মোটরসাইকেলই নিবন্ধনহীন। আর কোনো মোটরসাইকেল নিবন্ধনহীনভাবে চলতে দেওয়া হবে না। ১৫ দিনের মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নিবন্ধন করে দিতে ব্যর্থ হলে টাকা জমা দেওয়া রসিদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। শুধু এ ক্ষেত্রেই আমরা ছাড় দেব; অন্যথায় নয়।’
সংবাদ সম্মেলনে ব্লগারদের খুন হওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব করেছি। সেটা সরকারের বিবেচনায় আছে। ইউনিট প্রতিষ্ঠা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে।’ ব্লগারদের নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের কাছে কেউ এসে জানালে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব।’
বিএনপির নেতা সালাহ উদ্দিন ঢাকা থেকে অপহৃত এবং ভারত থেকে পাওয়ার ব্যাপারে জানতে চাইলে আইজিপি বলেন, ‘ভারত থেকে এ ব্যাপারে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমাদের কাছে যে তথ্য ছিল তা তাদের জানিয়েছি। তিনি ভারতে গ্রেপ্তার হয়েছেন। সেখানকার আইনগত ব্যবস্থা শেষে যদি সে দেশের সরকার মনে করে তাঁকে ফেরত দেবে, তখন আমরা বিষয়টি দেখব।’
বাংলাদেশ থেকে সাগরপথে মানুষ পাচার হচ্ছে কিন্তু পুলিশ কিছুই করছে না—প্রশ্ন করা হলে আইজিপি বলেন, ‘এ ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে মনে করি না। এটা পুলিশের একার কাজ নয়। সীমান্ত পাহারা দেওয়ার জন্য আলাদা বাহিনী আছে। মানব পাচার একটি আন্তর্জাতিক চক্র। আমরা সে চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। অনেকে গ্রেপ্তারও হয়েছে। অভিযান এখনো চলছে। পত্রপত্রিকায় গডফাদারদের কথা বলা হচ্ছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে হলে তার জন্য সাক্ষ্য-প্রমাণ লাগে। সেটা পাওয়া যাচ্ছে না।’