মোটরসাইকেলের মহড়ায় বিরক্ত পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফরকে কেন্দ্র করে নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা বগুড়ায় শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছেন। জেলা শহরসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রার নামে মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নেতা-কর্মীরা। পুলিশ নির্বিকার থাকায় লোকজনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
খালেদা জিয়া বগুড়ায় আসার খবরে বেশ কয়েক দিন ধরে বগুড়ায় দলের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশ করছেন। কিন্তু গতকাল শনিবার সকাল থেকে শহরে দলের একশ্রেণীর নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ানোর কারণে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। কেউ কেউ এই নিয়ে বিরক্তি প্রকাশ করেন। বিশেষ করে শহরে চলাচলকারী নারী ও শিশুরা মোটরসাইকেলের এই শোভাযাত্রায় একেবারেই ভীত ও শঙ্কিত। মোটরসাইকেল নিয়ে দাপিয়ে বেড়ানোর সময় সড়কের দুই ধারের মানুষও শঙ্কিত হয়ে পড়ে।
উপশহর থেকে গতকাল বিকেল চারটায় গৃহবধূ তানবীর সুলতানা তাঁর মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। এ সময় কবি নজরুল ইসলাম সড়কে দাপিয়ে বেড়ানো মোটরসাইকেলের সামনে পড়ে যান। এতে মা ও মেয়ে ভীত হয়ে পড়েন। তানবীর সুলতানা বলেন, ‘এ কেমন অবস্থা, স্লোগান নেই, শুধু হইহই। এ কেমন মিছিল।’ একই কথা বলেন কলেজশিক্ষক ফজলুল হক। তিনি বলেন, ‘এ কেমন রাজনীতি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বলেন, ‘গণবিরক্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার বিষয়ে আমরা দলের নেতাদে সঙ্গে কথা বলছি। এটা নিবারণের চেষ্টা করা হচ্ছে।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রথম আলোকে বলেন, বগুড়ায় খালেদা জিয়ার কোনো কর্মসূচি নেই। তবে তিনি বগুড়ায় আসায় দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।