মোটরসাইকেলের মহড়ায় ভোগান্তিতে নাটোরবাসী
কয়েক লাখ টাকার জ্বালানি খরচ করে মোটরসাইকেল মহড়া দিলেন নাটোর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে এই মহড়ার আয়োজন করা হয়।এতে নেতৃত্ব দেন নাটোর সদর আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। মোটরসাইকেল মহড়ার জন্য শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। আওয়ামী লীগের নেতাদের দাবি, মহড়ায় প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়।দলীয় সূত্রে জানা যায়, ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নাটোরে কোনো অনুষ্ঠান হয়নি। গতকাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাদ আলী সরকারের উদ্যোগে আড়ম্বরপূর্ণ মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে গতকাল সকালে শহরের মাদ্রাসা মোড়ে মোটরসাইকেল নিয়ে জড়ো হতে দেখা যায়। এখানকার একটিসহ শহরের তিনটি ফিলিং স্টেশন থেকে নেতা-কর্মীরা মোটরসাইকেলে চার লিটার করে পেট্রল নেন। প্রতি লিটার পেট্রলের দাম ৯৫ টাকা ধরে তিন হাজার মোটরসাইকেলের জন্য জ্বালানি বাবদ খরচ দাঁড়ায় প্রায় সাড়ে ১১ লাখ টাকা। মোটরসাইকেলের সঙ্গে ছিল কিছু মাইক্রোবাস ও পিকআপ। বেলা সাড়ে ১১টায় মহড়া শুরু হয়। এতে মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামানসহ প্রায় ১০ হাজার নেতা-কর্মী অংশ নেন। তাঁরা শহর ছেড়ে নলডাঙ্গা উপজেলার মাধানগর হয়ে আবার নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বেলা দুইটার দিকে ফিরে আসেন। সেখানে নেতা-কর্মীদের জন্য ভূরিভোজের আয়োজন করা হয়।মহড়ার কারণে মাদ্রাসা মোড় থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে যানজট দেখা দেয়। রিকশাচালক আবদুর রশীদ বলেন, ‘উনারা (নেতা-কর্মীরা) রাস্তাজুড়ে ছিল। তাই আধা ঘণ্টা গাড়ি চালাতে পারিনি। যাত্রীরা বিরক্ত হয়ে গাড়ি থ্যাকি নামি গ্যাছে। ভাড়াও পাইনি।’ মাইক্রোবাসচালক আবদুল আওয়াল বলেন, ‘রাজশাহী মেডিকেলে রোগী লিয়া যাচ্ছিলাম। শোডাউনের কারণে আধা ঘণ্টা লস হয়ছে। রোগীর অবস্থা খারাপ হয়ে গ্যাছে।’ মাদ্রাসামোড়ের রহমান ফিলিংস্টেশনের সহকারী ব্যবস্থাপক শরীফ আহমেঞ্চদ জানান, সারা দিন ধরেই পেট্রল নেওয়া হচ্ছে। যারা আগে নিতে পারেনি, তারা এখনো (বিকেল পাঁচটা) নিচ্ছেন। তাই কতগুলো মোটরসাইকেলে পেট্রল দেওয়া হয়েছে, তা বলা যাচ্ছে না। তবে আনুমানিক তিন লাখ টাকার তেল দেওয়া হয়েছে। এ ছাড়া চকরামপুরের গনি ফিলিং স্টেশন ও দিঘাপতিয়া ফিলিং স্টেশন থেকেও সারা দিন জ্বালানি তেল নেওয়া হয়েছে। টাকা পরে পরিশোধ করার কথা বলা হয়েছে।মহড়ায় অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান তিন হাজার মোটরসাইকেল অংশ নেওয়া ও তাতে তেল সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটি প্রাচীন সংগঠন। এর প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতা-কর্মীদের আনন্দ-উৎসবে খরচ তো হবেই। এটা আমরা সবাই মিলে বহন করেছি।’