মোটা চাল সরু হয় সয়াবিন হয় পাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটা চাল ছেঁটে সরু করা হচ্ছে। আর সয়াবিনের নামে দেদার বিক্রি করা হচ্ছে পাম তেল। দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটি ১৫ দিনের মধ্যে বিষয় দুটি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।কমিটি চালের বিষয়ে দায়িত্ব দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে। আর তেলের বিষয়টি দেখবে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় তদারক কমিটির এক বৈঠকে এসব নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।বৈঠকে ছোলা আমদানির জন্য গত তিন মাসে কী পরিমাণ ঋণপত্র (এলসি) খোলা হয়েছে, দেশে আনা ছোলার আমদানি মূল্য কত ছিল এবং কারা আমদানি করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ট্যারিফ কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়েছে যে নিত্যপণ্যের চাহিদা ও জোগানের সঠিক পরিসংখ্যান না থাকায় সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। তাই চাল, গম, আদা, রসুন, সয়াবিন ও পাম তেল, লবণ, চিনি, পেঁয়াজ, শুকনো মরিচের উৎপাদন ও চাহিদার পরিসংখ্যান নিরূপণ করতে কৃষি মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।বৈঠক সূত্র জানায়, দেশে বছরে ১২ থেকে ১৪ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে আট থেকে ১০ লাখ টন পাম তেল এবং চার লাখ টন সয়াবিন তেল আমদানি করা হয়। কিন্তু ৮০ শতাংশ পাম তেলই দেশে এসে সয়াবিন তেল হয়ে যাচ্ছে। বাজারে কী পরিমাণ পাম ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে এবং সয়াবিনের নামে পাম তেল দেওয়া হচ্ছে কি না, এসব বিষয়ে অনুসন্ধান করতে বিএসটিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।বৈঠকে খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, মোটা চাল মেশিনে ছেঁটে রাসায়নিক দ্রব্য মিশিয়ে মিনিকেট চাল বলে চালানো হচ্ছে। কারা এ কাজ করছে, কীভাবে করছে, তা খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।