মোটাতাজা গরুতে অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের জহুরুল ইসলাম (৪৫) গত সোমবার দুপুরে বুড়িগঞ্জ হাটে এসে পছন্দের গরু খুঁজতে থাকেন। তাঁর সাফ কথা, মোটাতাজা গরু টাকা দিয়ে কিনবেন না। পরে অনেক খুঁজে এক গৃহস্থের গরু পেয়ে নিশ্চিত হন, এ গরুকে ওষুধ খাইয়ে মোটাতাজা করা হয়নি। পরে ২৮ হাজার ৫০০ টাকায় ওই গরু কেনেন। জহুরুল ইসলাম বলেন, ‘নাদুসনুদুস গরু রোগে ভরা। জেনেশুনে টাকা দিয়ে তো আর কোরবানির জন্যি ভেজাল গরু কিনবার পারি না।’ শুধু জহুরুল ইসলামই নন, তাঁর মতো অনেকেই এবার মোটাতাজা গরু কেনার ক্ষেত্রে অনীহা দেখিয়েছেন। ক্রেতারা ঝুঁকছেন স্থানীয় গৃহস্থের গরুর দিকে, যে গরু ওষুধ খাইয়ে মোটাতাজা করা হয়নি। তাই এক বাজার থেকে আরেক বাজারে ছুটছেন তাঁরা। আর তাই হতাশ হয়ে পড়েছেন মোটাতাজা গরুর মালিক তথা ব্যবসায়ীরা।সোমবার উপজেলার বুড়িগঞ্জ পশুর হাট ঘুরে দেখা গেছে, প্রায় দুই হাজার গরু বিক্রির জন্য হাটে আনা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই মোটাতাজা। স্থানীয় পাইকারেরা ঈদুল আজহা সামনে রেখে এসব গরু নিয়ে এসেছেন অধিক লাভের আশায়। এ ছাড়া স্থানীয় কিছু ব্যবসায়ী গ্রাম থেকে দুর্বল গরু কিনে নিষিদ্ধ ও ক্ষতিকর বিভিন্ন বড়ি ও ইনজেকশন প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে মোটাতাজা করে বাজারে তুলেছেন। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ক্রেতারা অবগত হয়ে এসব গরু কেনার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।গরুর পাইকার মোকছেদুর রহমান (৫০) জানান, তিনি বিক্রি করার জন্য আটটি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে দুটি গরু বিক্রি হয়েছে। তাঁর এক হাজার ১০০ টাকা লাভ হলেও খরচ বাদ দিয়ে কিছুই থাকবে না। ছাতুয়া গ্রামের মাসুদ রানা (৪০) জানান, দুই মাস আগে একটি দুর্বল গরু কিনে লালন-পালন করেন। অন্যান্য খাবারের পাশাপাশি তিনি গরুকে খাইয়েছেন ভারতীয় নিষিদ্ধ ডেক্সামেথাসোন বড়ি। এতে ওই গরু দুই মাসেই মোটাতাজা হয়ে যায়। তিনি আশা করেছিলেন, এখন দাম ভালো পাবেন। কিন্তু হয়েছে উল্টো। এখন ক্রেতারা এ গরু কিনতে অনীহা দেখাচ্ছেন। এমন দাম বলছেন, তাতে লাভ তো দূরে থাক, খরচই উঠবে না। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা আবুল কালাম শামছুদ্দিন জানান, মোটাতাজা করা গরুর প্রতি ক্রেতাদের অনীহা খুবই ইতিবাচক। বিষয়টি বুঝতে পারলে ভবিষ্যতে এভাবে আর কেউ গরুকে অবৈধ ওষুধ খাওয়াবেন না।