মোটাতাজা গরুতে জমজমাট বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস আগে দিনাজপুর সীমান্তের বাজার থেকে ৩০টি নেপালি গরু কিনে এনেছিলেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জারখীলের ফজল করিম। সেগুলো মোটাতাজা করে বিক্রি করছেন চট্টগ্রামের বাজারে। ইতিমধ্যে ১৮টি বিক্রি হয়ে গেছে। বাকিগুলোর দামও উঠছে ভালো। তাই দেখেশুনে বিক্রি করতে চান তিনি।ফজল করিম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বাজারে আনার আগে দামের ব্যাপারে একটি প্রত্যাশা ছিল। কিন্তু প্রত্যাশার চেয়েও প্রতিটি গরু আট থেকে ১০ হাজার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বেশির ভাগ গরুই বিক্রি হয়েছে লাখের ঘরে। ফজল করিমের মতো মীর্জারখীলে একাধিক ব্যক্তি নেপালি গরু কিনে মোটাতাজা করার কাজ করছেন। জানা যায়, মীর্জারখীল ও চরতি গ্রামে অন্তত ১০০ গরু মোটাতাজা করে বিক্রির উপযোগী করা হয়েছে। সোনাকানিয়া ইউনিয়নের সাইটতলী গ্রামের নুর আহমদ বলেন, ছয় মাস আগে দুটি নেপালি গরু কিনেছিলাম দেড় লাখ টাকায়। সেগুলো সাগরিকা বাজারে তিন লাখ টাকায় বিক্রি করেছি।দক্ষিণ মাদার্শা এলাকার ইউসুফ আলী বলেন, চারটি নেপালি গরু মোটা করে বিক্রি করেছি। প্রতিটির দাম পেয়েছি দুই লাখ টাকার ওপরে। চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর বাজার সাগরিকায় গিয়ে দেখা যায়, কুষ্টিয়া ও আশপাশের এলাকা থেকে আনা বড় বড় গরুর সঙ্গে চট্টগ্রামে মোটাতাজা করা এসব গরুও স্থান পেয়েছে। চট্টগ্রাম এলাকার সব বড় আকারের গরু এ বাজারেই বিক্রি হয়।জানা যায়, কোরবানির বাজার উপলক্ষে বেশির ভাগ লোকই স্থানীয় জাতের গরু মোটাতাজা করেন। তবে এগুলোর বেশির ভাগই ছোট থেকে মাঝারি আকারের হওয়ায় লাভের পরিমাণও কম। এ অবস্থায় চার বছর আগে থেকে সীমিত আকারে নেপালি গরু এনে মোটাতাজা করার কাজ শুরু করেন স্থানীয় লোকজন। যাঁরাই এনেছেন সবাই লাভের মুখ দেখেছেন। তাঁদের লাভ করতে দেখে ক্রমে অধিক হারে এ জাতের গরু আনা শুরু হয়।একাধিক ব্যক্তি জানান, মূলত চট্টগ্রামে কুষ্টিয়া থেকে আনা গরু দেখেই তাঁরা নেপালি গরু পালনে উৎসাহিত হন। সোনাকানিয়ার চৌধুরী পাড়া এলাকার জাকির হোসেন বলেন, ‘অনেকটা শখের বসেই নেপালি গরু মোটাতাজা করা শুরু করেছিলাম। কিন্তু বিক্রি করে অধিক দাম আসাতে সেটাকে ব্যবসা হিসেবে বেছে নিয়েছি। বাড়িতে তৈরি করেছি গরু পালনের জন্য আলাদা ঘর।’ মীর্জারখীল গ্রামের ফজল করিম বলেন, নেপালি গরু শান্ত। সাত মাস আগে কিনলেও পাঁচ মাসই চালের কুঁড়া আর ভুসি ছাড়া বিশেষ খাবার দিতে হয়নি। দুই মাস আগে ওই সব খাবারের পাশাপাশি দুই বেলা ভাত আর মাষকলাইয়ের ভুসি দিয়েছি। দ্রুত মোটাতাজা করার নতুন যেসব কৌশল স্থানীয়ভাবে প্রয়োগ করা হয়, নেপালির ক্ষেত্রে তা প্রয়োজন হয় না। জানতে চাইলে তিনি বলেন, ‘এসব গরু অসুস্থ হয় খুবই কম। আমি নিজেই এগুলোর সেবাযত্ন করি। কোনো চিকিৎসক লাগে না।চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক কে এম সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নেপালি গরুর মাংস ভালো। এগুলো রেড চিটাগাংয়ের মতোই চট্টগ্রামের আবহাওয়ার সঙ্গে মানানসই। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি।’ তিনি বলেন, কেবল কোরবানিই নয়, চট্টগ্রামে সারা বছরই গরুর মাংসের চাহিদা বেশি। এগুলো আকারেও বড়। ফলে এগুলো বাণিজ্যিক ও বৈজ্ঞানিকভাবে মোটাতাজা করলে ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবেন।