মোটাতাজা গরুতে ‘অরুচি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বাজারগুলোয় স্থানীয় গৃহস্থের গরু নেই বললেই চলে। ট্রাকে করে উত্তরাঞ্চল থেকে প্রতিদিন শত শত মোটাতাজা গরু আনা হচ্ছে। এসব গরু কেনার ক্ষেত্রে ক্রেতাদের তেমন আগ্রহ নেই। ক্রেতারা খুঁজছেন স্থানীয় গৃহস্থের গরু। তাই এক বাজার থেকে আরকে বাজারে ছুটছেন তাঁরা। এতে হতাশ হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।গত মঙ্গলবার বরগুনায় স্থানীয় গরুর বাজার ঘুরে দেখা গেছে, প্রায় এক হাজার গরু বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই মোটাতাজা করা। মূলত স্থানীয় পাইকারেরা ঈদুল আজহা সামনে রেখে এসব গরু নিয়ে এসেছেন অধিক লাভের আশায়। এ ছাড়া স্থানীয় কিছু ব্যবসায়ী গ্রাম থেকে দুর্বল গরু কিনে নিষিদ্ধ ও ক্ষতিকর বিভিন্ন বড়ি ও ইনজেকশন প্রয়োগ করে অল্প সময়ের মধ্যে মোটাতাজা করে বাজারে তুলেছেন। এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে ক্রেতারা অবগত হয়ে এসব গরু কেনার ব্যাপারে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।গরুর পাইকার রিপন মিয়া জানান, তিনি বিক্রি করার জন্য ১০টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে একটি গরু বিক্রি হয়েছে। এতে তাঁর ৫০০-৭০০ টাকা লাভ হলেও খরচ বাদ দিয়ে কিছুই থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে বরগুনার গরুর এক পাইকার জানান, তিনি গত ঈদের পরপরই বেশ কয়েকটি গ্রাম থেকে কম দামে গরু কিনে লালনপালন করেন। গ্রাম্য পশুচিকিৎসকের পরামর্শে ভারতীয় ডেক্সানেথাসন-জাতীয় বড়ি ও ইনজেকশন প্রয়োগ করায় অল্প দিনের মধ্যেই গরুগুলো ফুলে গেছে। এখন কোরবানি উপলক্ষে এসব গরু বাজারে বিক্রির জন্য এনেছেন। কিন্তু আশানুরূপ সাড়া পাচ্ছেন না। ক্রেতারা এবার এসব গরু কিনতে চাইছেন না, তাঁরা অধিক দামে অপেক্ষাকৃত দুর্বল ও স্থানীয় জাতের গরু কিনতে আগ্রহী।বরগুনা শহরের ক্রেতা গোলাম সরোয়ার বলেন, ‘এবার স্থানীয় জাতের গরুর সংখ্যা খুব কম। অনেক বাজার ঘুরে শেষ পর্যন্ত স্থানীয় এক গৃহস্থের গরু কিনেছি। কিন্তু এবার বরাবরের চেয়ে দাম অনেক বেশি।’ বরগুনা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগ করে কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করার ওই সব ওষুধের ক্ষতিকর ক্রিয়া গরুর দেহে দীর্ঘ সময় থাকে। আর এতে মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তিনি আরও জানান, এসব গরুর প্রতি ক্রেতাদের অনাগ্রহ খুবই ইতিবাচক।ইজারাদার আবদুল লতিফ মিয়া ও জালাল পেয়াদা জানান, বাজারে মোটাতাজা করা গরুর আধিক্য হওয়ায় এবার বেচাকেনা খুবই কম। এখন ক্রেতারা গ্রামে গ্রামে ঘুরে গৃহস্থের গরু কেনার জন্য বিভিন্ন স্থানে ছুটছেন। বাড়ি বাড়ি গিয়ে গরু বিক্রি ঠেকানো সম্ভব নয়। এতে তাঁরা বেশ ক্ষতির মুখে পড়ছেন।