মোতালেব-মনোয়ারা গার্মেন্ট বন্ধ, মামলায় আসামি ৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় রপ্তানিমুখী মোতালেব-মনোয়ারা কম্পোজিট গার্মেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কারখানার ফটকে এ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় পুলিশ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেছে। বিকেএমইএর লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জি এম ফারুক জানান, মোতালেব-মনোয়ারা গার্মেন্টের অসন্তোষকে কেন্দ্র করে ফতুল্লার অন্যান্য কারখানায় যাতে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে না পড়ে, তাই ওই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদের সমন্বয়ক বিমল কান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুব ইসমাইল, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ। বুধবার বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মোতালেব-মনোয়ারা গার্মেন্টের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশসহ অর্ধশত আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে।