মোতালেব হত্যা মামলা যাচ্ছে সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন ওরফে লিপু হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের প্রক্রিয়া চলছে। হত্যার বিচারের দাবিতে গত শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

২০১৬ সালের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের নালা থেকে মোতালেবের লাশ উদ্ধার করা হয়। ওই দিন বিকেলে মোতালেবের চাচা মো. বশীর বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

বিচারের দাবিতে বেলা একটারদিকে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিভাগের শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যোগ দেন।

সমাবেশে বক্তারা বলেন, তিন মাসেও হত্যার তদন্তে কোনো অগ্রগতি নেই। বক্তারা হুঁশিয়ার করে বলেন, মোতালেব হত্যার বিচারে অগ্রগতি না হলে শিক্ষার্থীরা আবার রাস্তায় আন্দোলনে নামবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মোতালেবের মা হোসনে আরা বেগম শনিবার মুঠোফোনে বলেন, ‘আমার ছেলে বাড়ি থেকে টাকা নিয়ে গেল ফরম পূরণ করার জন্য। সেই ছেলেকে তোমরা বিশ্ববিদ্যালয় থেকে বাক্সে বন্দী করে এনে ফেরত দিলে। চার দেয়ালে আটকা জায়গায় আমার ছেলেকে খুন করা হলো। অথচ কেউ কিছু জানে না? শুধু এটুকুই চাওয়া, আমার ছেলে হত্যার বিচার যেন পাই, আমি হত্যাকারীদের দেখতে চাই।’

মোতালেবের সঙ্গে একই কক্ষে থাকতেন মনিরুল ইসলাম। মোতালেবের লাশ উদ্ধারের দিন মনিরুলকে আটক করা হয়। এর তিন দিন পর হত্যা মামলায় মনিরুলকে গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে মনিরুলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তৎকালীন তদন্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, রিমান্ডে মনিরুলের দেওয়া তথ্য অনুযায়ী হত্যার রহস্য উদ্‌ঘাটন সম্ভব। মনিরুল এখন জামিনে মুক্ত।

এরপর অশোক চৌহান বদলি হয়ে গেলে মামলার তদন্তভার পান মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হাসান। শনিবার তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তরের নির্দেশ পেয়েছেন। এখন এর প্রক্রিয়া চলছে। এতে তিন-চার দিন সময় লাগবে। মামলার তদন্ত কর্মকর্তা নির্ধারিত হলেই তাঁর কাছে মামলা হস্তান্তর করা হবে।