মোতালেব হত্যার বিচার চেয়ে নাটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে এই পথনাটকের আয়োজন করেন।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর ও শহীদুল্লাহ্ কলাভবনের সামনে পথনাটক মঞ্চস্থ হয়। বিকেলে মঞ্চস্থ করা হয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটক শুরুর আগে প্রতিবাদী কবিতা আবৃত্তিও করা হয়।
নাটকে দেখানো হয়, মাটিতে উপুড় হয়ে একটি লাশ পড়ে আছে। পাশে পড়ে আছে বই। বাক্রুদ্ধ অবস্থায় মা ছেলের লাশের পাশে বসে আছেন। তাঁদের পেছনে একদল শিক্ষার্থী আন্দোলনরত। তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘লিপু হত্যার...বিচার চাই’।
২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের নালা থেকে মোতালেবের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে তাঁর চাচা বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।