মোদাচ্ছের ও মসিউরকে জিজ্ঞাসাবাদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলমার্কের অর্থ কেলেঙ্কারির বিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। একই সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে পদ্মা সেতুবিষয়ক তথ্য আদান-প্রদানে দুদক প্রস্তুত বলে জানান তিনি। পাশাপাশি ডেসটিনির কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে বাড়াবাড়িকে শোভন নয় বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।এক প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘হলমার্কের অর্থ কেলেঙ্কারির বিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব সফিকুর রহমান পাটোয়ারী এবং পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’ পদ্মা সেতুর দুর্নীতির তদন্তে অগ্রগতি প্রসঙ্গে চেয়ারম্যান আরও বলেন, সরকারের সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা চুক্তি হলে এমনিতেই বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে তথ্য আদান-প্রদান শুরু হবে। এ জন্য দুদক প্রস্তুত। তবে সরকারের ওপর নির্ভর করছে সবটুকুই।ডেসটিনি কর্মকর্তাদের গ্রেপ্তারের প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘জরুরি অবস্থায় অনেক সময় মামলার আগে-পরে গ্রেপ্তার করা হতো, কিন্তু এখন দেশের সে অবস্থা নেই।’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ওই ধরনের কাজকে নন-সিভিল বলে মনে করি।’হলমার্কের অনুসন্ধানের অগ্রগতি প্রসঙ্গে গোলাম রহমান বলেন, ‘হলমার্ক যে পরিমাণ টাকা নিয়েছে, ওই টাকার এক হাজার টাকার নোট দুদকের সামনে রাখলে স্তূপ হয়ে যাবে। তাই এ অনুসন্ধানকাজ শেষ করতে একটু সময় লাগবেই।’দুদকের জিজ্ঞাসাবাদ: হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গতকাল সোনালী ব্যাংকের আরও যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁরা হলেন উপমহাব্যবস্থাপক মো. আহসানউল্লাহ ও বেগম আজিজুন নাহার, সহকারী মহাব্যবস্থাপক বিজন কুমার পাল, আবুল বাসার মিজি, দেলোয়ার হোসেন আব্বাসী ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই ব্যাংকের বাণিজ্য ও অর্থ বিভাগের কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ শেষে আবুল বাসার মিজি সাংবাদিকদের বলেন, হলমার্কের বিষয়ে তিনি কিছুই জানেন না। এমনকি হলমার্ক গ্রুপের কোনো অনুষ্ঠানে তিনি কখনোই যোগ দেননি। হলমার্কের কর্মকর্তাদের সঙ্গে তাঁর ছবি রয়েছে—এমন প্রশ্নে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘এটা কীভাবে হয়েছে, আমি জানি না।’ একই অভিযোগে আজ বুধবার সোনালী ব্যাংকের একই বিভাগের উপমহাব্যবস্থাপক মোরশেদ আলম ও নেছার আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক আবদুল মোমিন পাটোয়ারী, শ্যামল কান্তি নাথ, মো. শাহজাহান এবং শামিম আখতারকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদক এ পর্যন্ত সোনালী ব্যাংক ও হলমার্কের ৪৯ জনকে জিজ্ঞাসাবাদ করল।