মোদি এলেও সম্পর্কে ঝুঁকি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির নেতা নরেন্দ্র মোদি ভারতের আগামী প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার। গতকাল শনিবার ঢাকায় ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক গোলটেবিল বৈঠকে কুলদীপ নায়ার এ মন্তব্য করেন। তিনি বলেন, মোদি প্রধানমন্ত্রী হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো ঝুঁকি তৈরি হবে না।
ইনস্টিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আইসিএলডিএস) গুলশানের লেকশোর হোটেলে এই গোলটেবিলের আয়োজন করে। এতে বাংলাদেশ ও ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক, কূটনীতিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, আইনজীবীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা অংশ নেন।
বৈঠকে মোদি বিষয়ে নিজের মন্তব্যের পক্ষে যুক্তি উপস্থাপন করে কুলদীপ নায়ার বলেন, বিজেপির পক্ষে লোকসভার ৫৪৩ আসনের ২৭৩টি এককভাবে পাওয়া সম্ভব হবে না। সরকার গঠন করতে হলে জোটের শরণাপন্ন হতেই হবে। তার পরও বিজেপি সরকার গঠন করতে পারলেও মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, এ নিয়ে সংশয় রয়েই যায়।
কুলদীপ নায়ার বলেন, অসাম্প্রদায়িকতা ভারতের সংবিধানের অন্যতম স্তম্ভ। দেশটিতে সুশীল সমাজ ও গণমাধ্যমের শক্ত অবস্থান রয়েছে। তারা সংবিধান রক্ষায় সতর্ক থাকবে।
কথিত অবৈধ বাংলাদেশিদের নিয়ে নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে ভারতের এ জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, এটি রাজনৈতিক বক্তব্য। মোদি চাইলেই বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারবেন না। কারণ, বাংলাদেশের যে মানুষগুলো এখন ভারতে আছেন, তাঁরা ভারতীয় হিসেবেই সেখানে আছেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি বলেন, নতুন সরকার গঠিত হলেও রাতারাতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পাল্টে যাবে, এমনটা হতে পারে না।
ভিডিও কনফারেন্সে ঢাকায় ভারতের আরেক সাবেক হাইকমিশনার বীণা সিক্রি বলেন, ১৯৯২ সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভারত সফরের সময় ভারতে অবস্থানকারী ‘অবৈধ’ বাংলাদেশিদের নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্য দিয়ে এ বিষয়ে সন্তোষজনক সমাধানে আসা সম্ভব।
গবেষণা প্রতিষ্ঠান পিস অ্যান্ড কনফ্লিক্ট ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেন, ভারতে নতুন সরকার গঠনের সম্ভাবনা ব্যাপক। বাংলাদেশ-ভারত সম্পর্ককে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে না দেখে বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার।
বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক ভালো রাখা না গেলে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা কঠিন হবে।
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ২০০৯ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। তিনি তিস্তার পানি চুক্তি না হওয়াকে বাংলাদেশ-ভারত সম্পর্কে ভারতের দিক থেকে একটা চরম খারাপ নজির হিসেবে উল্লেখ করেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে ব্যবসায়ী নেতা আনিসুল হক বলেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক, নিজেদের স্বার্থেই তাদের উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা।
বৈঠকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, বাংলাদেশের সাবেক কূটনীতিক শফিউল্লাহ, ওয়ালিউর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেন, আকমল হোসেন, সলিমুল্লাহ খান, জ্যেষ্ঠ সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী, আবেদ খান, তৌফিক ইমরোজ খালিদী, নঈম নিজাম, ভারতীয় সাংবাদিক জয়ন্ত ঘোষাল, মহেন্দ্র বেদ প্রমুখ আলোচনা করেন।
বৈঠক সঞ্চালনা করেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক সামিয়া জামান। শুরুতে ধারণাপত্র উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশীদ।