মোদিকে আন্তরিক বিদায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লির উদ্দেশে আজ রোববার রাতে ঢাকা ত্যাগ করেছেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ জেট বিমান ‘রাজদূত’ নরেন্দ্র মোদি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ রাত ৮টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর বাসসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ভারতের প্রধানমন্ত্রী বিমানে ওঠার আগে শেখ হাসিনা তাঁকে একটি ফুলের তোড়া উপহার দেন।
বিমানে প্রবেশ করার আগে নরেন্দ্র মোদি বিমান বন্দরের ভিভিআইপি টারমাকে উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানান।
এর আগে, ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নরেন্দ্র মোদিকে পরিচয় করিয়ে দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও আইনমন্ত্রী আনিসুল হক ভারতের প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও, মন্ত্রী পরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব শহীদুল হক, তিন বাহিনীর প্রধান, মহাপুলিশ পরিদর্শক, কূটনৈতিক কোরের প্রধান, ভারতে বাংলাদেশের হাইকমিশনার, বাংলাদেশে ভারতের হাইকমিশনার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব এবং বেসামরিক ও সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী ২০১৪ সালে ১৫ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ৬-৭ জুন বাংলাদেশে তাঁর প্রথম সফরে আসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণেই এ সফর অনুষ্ঠিত হলো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে গতকাল শনিবার ঢাকা ও নয়াদিল্লি ২২টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষর, বিনিময়, গ্রহণ ও হস্তান্তর করেছে।